ঢালিউডের স্নিগ্ধ হাসির নায়িকা বুবলী। তিনি কথা দিয়েছিলেন ভালো গল্প এবং চরিত্র পেলে অবশ্যই শাকিব খান ছাড়াও অন্য নায়কের বিপরীতে অভিনয় করবেন। সেই কথা রেখেছেন তিনি অনেক আগেই। কথা দিয়েছিলেন ভালো গল্প এবং চরিত্র ছাড়া নতুন সিনেমায় কাজ করবেন না। তাই ভালো গল্প এবং চরিত্র পেয়েই তিনি বিরতি শেষে আবারো কাজে ফিরেছেন। আসিফ ইকবাল জুয়েলের কাহিনি ও পরিচালনায় ‘চোখ’ সিনেমার কাজ শুরু করেছেন এক সপ্তাহ হলো। সিনেমার কাজের মাঝেই খবর পেলেন অভিনয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতির। গত ২৬ ফেব্রুয়ারি বুবলী ‘বসগিরি’ সিনেমাতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ‘ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এ ভূষিত হয়েছেন।
এই সম্মাননা প্রাপ্তিতে বুবলী বলেন, ‘জুরি বোর্ডের সদস্যসহ এই অ্যাওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেইসঙ্গে আমার সকল ভক্ত দর্শকের প্রতি রইল অনেক ভালোবাসা—যাদের কারণে আমার এই সম্মাননা প্রাপ্তি। অভিনয়ের জন্য সম্মাননা প্রাপ্তি শুধুমাত্র প্রাপ্তির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটা আগামীদিনে আরো ভালো কাজ করার ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা। নিজেকে আরো সম্মানীত অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিও বটে।’
আসিফ ইকবাল জুয়েলের নির্দেশনায় ‘চোখ’ সিনেমার কাজ নিয়েই আপাতত ব্যস্ততা বুবলীর। মন পড়ে থাকে এখন ‘চোখ’-তে। এই সিনেমায় বুবলী অভিনয় করছেন রেজনি চরিত্রে। এতে তার বিপরীতে আছেন নীরব ও রোশান। এর আগে নীরবের বিপরীতে ‘ক্যাসিনো’ সিনেমাতে অভিনয় করেছিলেন বুবলী। তবে এবারই প্রথম বুবলী অভিনয় করছেন রোশানের সঙ্গে।
‘চোখ’ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘বেশকিছুদিন ধরেই জুয়েল ভাইয়ের সঙ্গে এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা চলছিল। গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। গল্প প্রসঙ্গে তেমন কিছুই আপাতত বলব না। তবে শুধু এতটুকু বলতে চাই যে চোখ’র গল্পটা এত অসাধারণ যে আমার মন পড়ে আছে চোখে’তে সারাক্ষণ। এই সিনেমার রেজনি চরিত্রকে ঘিরেই আমার সকল ভাবনা। আমি বিশ্বাস করি, এই সিনেমাটি দর্শকের খুবই ভালো লাগবে।’
নির্মাতা আসিফ ইকবাল জুয়েল বলেন, ‘আমি শুধু বুবলীর অভিনয় প্রসঙ্গে একটি কথাই বলতে চাই, এরইমধ্যে একটি নাটকীয় দৃশ্যে শহীদুজ্জামান সেলিম ভাই এবং বুবলী অভিনয় করেছেন। দৃশটি ধারণ শেষে বুবলীর অভিনয়ে মুগ্ধ হয়ে সেলিম ভাই বুবলীকে জিজ্ঞেস করেছিলেন, তুমি মঞ্চ থেকে আসা অভিনেত্রী নও, কিন্তু এত অসাধারণ অভিনয় কী করে করলে?’
সুতরাং এতেই স্পষ্ট প্রতীয়মান হয় যে ‘চোখ’ সিনেমায় বুবলী কতটা অসাধারণ অভিনয় করছেন। বুবলী জানান, শিগগিরই তিনি শাকিব খানের বিপরীতে তপু খানের নির্দেশনায় ‘লিডার :আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।
