শামীমের ‘প্রিয়জন’-এ মোশাররফ করিম

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:২২

এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত সাম্প্রতিক দর্শকপ্রিয় নাটকের মধ্যে ‘ভয়’ নামক খন্ড নাটক বিশেষভাবে উল্লেখযোগ্য। শামীম জামানের পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয়ের জন্য মোশাররফ করিম বেশ প্রশংসিত হচ্ছেন। নাটকটি গত ৮ ফেব্রুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এবং এরইমধ্যে ‘ভয়’ নাটকটি ৩৮ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। শামীম জামানের পরিচালনায় মোশাররফ করিম ‘ভয়’র পর ‘প্রিয়জন’ নামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ মামুন অর রশীদ। শামীম জামানের পরিচালনায় এর আগেও মোশাররফ করিম বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। আবারো শামীম জামানের পরিচালনায় ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘শামীম জামান নিঃসন্দেহে একজন ভালো নির্মাতা এবং এটা প্রমাণিতও বটে। দীর্ঘদিন যাবত তার পরিচালনায় নাটকে অভিনয় করে আসছি। শামীম জানে বুঝে—সে কী নির্মাণ করছে, যেটা একজন নির্মাতার জন্য ভালো কাজ করার ক্ষেত্রে খুব জরুরি। ‘প্রিয়জন’ ধারাবাহিকটির গল্পটা এককথায় চমত্কার। আমরা আশেপাশে যারা একসঙ্গে বসবাস করি একই পাড়ায়, একই মহল্লায় বা একই ফ্ল্যাটে—তাদের আনন্দ বেদনার কাব্যই হচ্ছে ‘প্রিয়জন’। যেহেতু শামীমের কাজগুলো ভালো হয় এবং দর্শকপ্রিয় হয়, সে কারণেই ‘প্রিয়জন’ নিয়ে আশাবাদী।’ শামীম জামান বলেন, ‘আপাতত ১০৪ পর্ব পর্যন্ত ‘প্রিয়জন’ ধারাবাহিকটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। এর আগে মোশাররফ করিমকে নিয়ে আনন্দগ্রাম, ঝামেলা আনলিমিটেড, চাটামঘর ধারাবাহিক নির্মাণ করেছি। সবগুলো নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। গল্পের ভিন্নতার কারণে ‘প্রিয়জন’ ধারাবাহিকটি নিয়েও আমি খুব আশাবাদী।’ জানান যায়, শিগগিরই নাটকটি মাছরাঙ্গা টিভিতে প্রচার শুরু হবে। এদিকে শামীম জামানের ইচ্ছে রয়েছে মোশাররফ করিমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের। তবে কবে নাগাদ নির্মাণ শুরু করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। মোশাররফ করিম অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকসনারি’ সিনেমাটি কলকাতার দর্শকের কাছে বেশ সাড়া ফেলেছে। মোশাররফ করিমের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। এদিকে মোশাররফ করিম ফজলুল তুহিনের পরিচালনায় ‘গাঙকুমারী’ সিনেমাতেও অভিনয় করছেন।