ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। এটিকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। মঙ্গলবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি। খবর পার্স টুডের
হাসান রুহানি বলেন, পরমাণু সমঝোতা একটি বহুজাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার সুযোগ হাতছাড়া না করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আরো জটিল রূপ নেবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার পর ইরান পর্যায়ক্রমে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের গতি কমিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতিতে ফিরে এলে ইরানও পূর্ণমাত্রায় এই সমঝোতা বাস্তবায়নে ফিরে যাবে। প্রেসিডেন্ট রুহানি বলেন, তার দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-কে সহযোগিতা করে যাচ্ছে। কাজেই এ সংস্থার নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস হলে তা কূটনৈতিক প্রচেষ্টার অপূরণীয় ক্ষতি করবে। ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট পরমাণু সমঝোতাকে বিশ্ব শান্তির জন্য অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সব পক্ষকে এই সমঝোতায় পূর্ণমাত্রায় ফিরিয়ে আনার জন্য সংলাপ চালিয়ে যেতে হবে। এ জন্য তিনি উভয় পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আরো বেশি প্রচেষ্টা চালাতে ইউরোপ প্রস্তুত রয়েছে।
