আর্থিক লেনদেনের একটি মামলায় চট্টগ্রাম কারাগারের থাকা অবস্থায় কথিত নির্যাতনে গুরুতর আহত হয়ে চিকিত্সাধীন রুপম কান্তি দেবনাথের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে তাকে জামিন দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, পূর্বপরিচিত রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর কারাগারের হাজতে পাঠানো হয় নগরীর পাহাড়তলীর বাসিন্দা রুপম কান্তি দেবনাথকে। মামলার বাদী রতন ও আসামি রুপম দুজন ব্যাবসায়িক অংশীদার ছিলেন। রুপম বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালের ৪ নম্বর ওয়ার্ডে গুরুতর অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের অধীনে চিকিত্সাধীন রয়েছেন। নালিশি মামলার আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিত্ চক্রবর্তী সুমন জানান, আদালতে রুপম কান্তি দেবনাথের জন্য দুটি পিটিশন পেশ করা হয়েছিল। আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলহাজতে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ এনে গত সোমবার আদালতে একটি নালিশি মামলার আবেদন পেশ করেন রুপমের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ। মামলার আরজিতে জেল সুপার, জেলার, কারা হাসপাতালের চিকিত্সক ও রতন ভট্টাচার্যকে অভিযুক্ত করা হয়।
মামলার আরজিতে উল্লেখিত অভিযোগে বলা হয়, নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রুপম কান্তি দেবনাথের উন্নত চিকিত্সার জন্য আদালতে আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন। রুপমের পরিবারের অভিযোগ, গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আসামিরা পরস্পর যোগসাজশে রুপমকে বিচারাধীন মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য এবং স্থায়ীভাবে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার জন্য শারীরিক নির্যাতন, বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পুশ ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করেছে।
তবে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এসআই মো. আলাউদ্দিন ইত্তেফাককে জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলহাজতে থাকা আসামি রুপম কান্তি দেবনাথ তার শরীরের গোপনাঙ্গে ফোঁড়া থেকে সৃষ্ট গুরুতর ইনফেকশনের শিকার হয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে চমেক হাসপাতালে আসেন। তাকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সূত্র জানায়, অসুস্থ হওয়ার পর কারা হাসপাতালে ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঐ হাজতিকে। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে কারা কর্তৃপক্ষ দাবি করে।
অপরদিকে, গত মঙ্গবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত রুপম কান্তির স্ত্রীর দায়ের করা নালিশি মামলার আরজির শুনানি শেষে উপযুক্ত আদালতে তা দায়ের করার নির্দেশ দেয়।
