মাস্কের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্য

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৭:২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আগামী সপ্তাহ থেকে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। সেই সঙ্গে পুরোদমে চালু হবে ব্যাবসায়িক কার্যক্রমও। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। খবর টেক্সাস ট্রিবিউনের

তিনি বলেন, ‘টেক্সাস শতভাগ খুলে দেওয়ার সময় এখন হয়েছে।’ টেক্সাসের এই পদক্ষেপের পর মিশিগান, লুইসিয়ানা ও মিসিসিপিতেও করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এসব অঙ্গরাজ্যের রেস্টুরেন্ট, বার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনো বিধিনিষেধ ছাড়াই চলতে পারবে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক নির্বাহী আদেশ দিয়েছেন যার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রান্ত অধিকাংশ বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।

মহামারির প্রথম দিকে গত বছর এই বিধিনিষেধগুলো আরোপ করেছিলেন অ্যাবট। আগামী ১০ মার্চ থেকে এই নির্বাহী আদেশ কার্যকর হবে। এই আদেশের আওতায় মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না এবং যারা মাস্ক পরবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাবে না। এছাড়া যেসব কাউন্টিগুলোতে খুব বেশি সংখ্যক করোনা রোগী হাসপাতালে ভর্তি নেই, সেখানে ব্যাবসায়িক কার্যক্রমের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। লুবক শহরের চেম্বার অব কমার্সে দেওয়া এক বক্তব্যে অ্যাবট বলেন, ‘টেক্সাসের অনেক অধিবাসী কাজের সুযোগ হারিয়ে প্রান্তিক পর্যায়ে চলে গেছেন। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থার অবসান হতে হবে।’