আরিফ মঈনুদ্দীন
অনন্ত উেসর দিকে ছুটে
আমি সব পথ পাড়ি দেবার আগেই
নিজস্ব গন্তব্যে পৌঁছে যাই
এটাই আমার নিয়তি এবং এভাবেই আমার সব হিসাব
এলোমেলো হয়ে যায়। আমি যতবার হিসাব করতে চাই—
তার আগেই সব হিসাব শেষ—
নিকাশের ধারাবাহিকতায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী
আমাকে আদেশ দিয়ে বসে আছেন ওপরে
আমি আর কতটুকু যাবো। তার আগে গিয়েছেন তিনি
অগ্রবর্তী অভিযানে গিয়ে নাম লিখে দিয়েছেন
সেখানেই আমার সীমানা যেখানে থামতে হবে
ফুলস্টপ রচনা করে মনের মাধুরী মিশিয়ে এঁকে দিয়েছেন
একটি জীবন—আমার জানা অজানা সব ইতিহাস
আমারতো কিছুই করার নেই, এতদিন যা কিছু করেছি
এক অলৌকিক ইশারায় চলেছে হাত পা
স্বাদ গ্রহণ করেছে জিহ্বা, শরীর গ্রহণ করেছে এ পৃথিবীর
শ্রেষ্ঠ উপহার—প্রিয়তমার সান্নিধ্য
এ আমি কীভাবে অস্বীকার করি
এক জীবন দিয়েও শোধ করা অসম্ভব
জীবনও তো আমার নয়—দান করেছেন তিনি।
