আমাদের দেশে সারা বছর ধরে কৃষিজাত পণ্যের উত্পাদন হয়। বিশেষ করে শাক সবজির উত্পাদন সারা বছর ধরে হয়ে থাকে। বৈজ্ঞানিক ভিত্তিতে চাষাবাদ করায় শাক সবজির উত্পাদন বেড়েছে। দেশে উত্পাদিত বিভিন্ন ধরনের শাক সবজি বিদেশে রপ্তানি হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের শাক সবজির ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, বৃটেন, জার্মানী, ফ্রান্সসহ বিভিন্ন দেশে সবজি রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে সবজি রপ্তানি করে অনেকেই তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। সবজি উত্পাদনকারীরাও লাভের মুখ দেখতে পাচ্ছেন। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, আমাদের দেশ থেকে ৩০ থেকে ৩৫ জাতের সবজি রপ্তানি হচ্ছে। বিশেষ করে শীতের মৌসুমে আমাদের দেশে প্রচুর সবজি উত্পন্ন হয়। শীতের মৌসুমে উত্পাদিত সবজি যথাযথ বাজারজাতকরণের অভাবে চাষিরা ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। আবার অনেক সময় উত্পাদিত সবজি বিক্রি করতে না পারায় সবজি নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শীতকালীন সবজি বেশি করে বিদেশে রপ্তানির ব্যবস্থা নিলে চাষিরা লাভবান হতেন। আমাদের দেশের সবজি যেসব দেশে যায় যেসব দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে শীতকালীন সবজি রপ্তানির ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেশ থেকে ব্যাপক পরিমাণ সবজি রপ্তানি করা গেলে রপ্তানিকারকরা যেমন লাভবান হবেন তেমনি লাভবান হবে এদেশের কৃষকরা। বর্তমানে বিদেশে সবজি রপ্তানিতে যেসব সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। বিদেশে সবজি রপ্তানির ক্ষেত্রে সবজির গুণগত মান, উন্নত সংরক্ষণ ব্যবস্থা, দ্রুত পরিবহনের ব্যবস্থার ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
