কুড়িগ্রামে ট্রলিচাপায় গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২০:০৩

কুড়িগ্রামের ফুলবাড়িতে শ্যালো ইঞ্জিন চালিত একটি ইট বোঝাই ট্রলির চাপায় অটোবাইকের যাত্রী গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়েছে ওই গৃহবধূর ৮ মাসের শিশু কন্যা সুমাইয়া।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার মোড়ে। অটোবাইক চালকের পরিচয় পাওয়া যায়নি, তবে ঘাতক ট্রলিটি স্থানীয়রা বালারহাট বাজারে আটক করেছে।

নিহত গৃহবধূর নাম জাহানারা বেগম (৩২)। তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কাফেয়া গ্রামের শাবের আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালারহাট থেকে ওই গৃহবধূ স্বামীর বাড়ি মোগলহাট যাওয়ার উদ্দেশ্যে কোলের শিশুকে নিয়ে অটোবাইক যোগে রওয়ানা করেন। এ সময় অটোবাইকটি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পৌঁছলে চালক ব্রেক করলে আকস্মিকভাবে শিশুসহ রাস্তার উপর ছিটকে পড়েন গৃহবধূ। এ সময় বিপরীত দিকে আসা একটি ইট বোঝাই ট্রলি মা-শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদেরকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন: প্রেম করার জন্য ‘ডেটিং লিভ’ দিচ্ছে একাধিক সংস্থা

এ ব্যাপারে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আর্জিনা জানান, হাসপাতালে আসার আগেই ওই গৃহবধূ মৃত্যুবরণ করেন,আর আহত শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ি থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচ