গীতিনৃত্যালেখ্যে বঙ্গবন্ধু

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২৩:৫৪

গীতিনৃত্যে উঠে এলেন জাতির পিতা। উঠে এলো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে ‘সবার হূদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক গীতিনৃত্যালেখ্য মঞ্চে এনেছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এটির প্রথম মঞ্চায়ন হয়। এর রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন লেখক-গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা। এতে উদ্বোধনী বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন গোলাম কুদ্দুছ। এই নৃত্যালেখ্যে উঠে এসেছে বঙ্গবন্ধুর জন্মক্ষণ থেকে কিশোর কালের কথা। কলকাতায় গিয়ে মুজিবের ছাত্র রাজনীতিতে যোগদান ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দুর্ভিক্ষে মানবিক ভূমিকা পালন, আটচল্লিশ ও বায়ান্নর ভাষা আন্দোলনে তার ভূমিকা। ইতিহাসের মহানায়কের জীবনের সমান্তরালে উঠে আসে চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন থেকে বাঙালির মুক্তির সনদখ্যাত ছেষট্টির ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা থেকে মুজিবনগর সরকার গঠনের অধ্যায়। সব মিলিয়ে ১৬টি এপিসোডে উপস্থাপিত হয় গীতিনৃত্যালেখ্যটি।

নাচ-গান ও আবৃত্তির  সঙ্গে নান্দনিক কোরিওগ্রাফিতে সজ্জিত পরিবেশনাটিতে অংশ নিয়েছেন ৫০ জন শিল্পী। সঙ্গীত পরিচালনায় ছিলেন সঙ্গীতশিল্পী আবিদা রহমান সেতু। নৃত্য পরিচালনা করেন সাহিদা রহমান সুরভী। আলোক পরিকল্পনা করেছেন দেবপ্রসাদ দেবনাথ ও জুনায়েদ ইউসুফ। ধারাবর্ণনা দিয়েছেন ফয়জুল আলম পাপ্পু ও মাহফুজা আক্তার মিরা। এছাড়া প্রযোজনাটিতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন ঊর্মি হালদার, রিদিমা আহমেদ, শিমুল সাহা, সাহিদা সুরমান সুরভী, শ্রেয়া দত্ত মেঘা, আসিফ ইকবাল সৌরভ, মোহনা দাস, রাহুল রায়, লিলিমা শাহজাহান লিমু, নির্ঝর দাস, শাহীন নাজনীন, যূথী দেবী, আফরোজা আক্তার, অরুনিমা দাশ ভৌমিক, আনিকা বাড়ৈ প্রমুখ। বহ্নিশিখার শিল্পীদের সঙ্গে তিনটি নৃত্য পরিবেশনায় অংশ নেয় স্পন্দনের নৃত্যশিল্পী দল।