বিনোদন রিপোর্ট
এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন বেশকিছু শ্রোতাপ্রিয় গান এরইমধ্যে উপহার দিয়েছেন। শুরু থেকেই একের পর এক গান প্রকাশ করেছেন ইলিয়াস। বর্তমানে সেই ধারাবাহিকতায় অনেকটাই ভাটা পড়েছে। তবে এবার প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে প্লেব্যাক করলেন জনপ্রিয় এই গায়ক। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সোমনুর মনির কোনাল। এসকে দ্বীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। ‘যাও পাখি বলো তারে’ নামের এই ছবিটি পরিচালনা করছেন মুস্তাফিজুর রহমান মানিক। ছবিটির মূল দুটি চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহী ও শিপন। ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া এবং নতুন গান কম প্রকাশ প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘আগের মতো নিয়মিত গান করা হয়ে উঠছে না। খুব কম গান গাওয়া হচ্ছে। তারপরও চলচ্চিত্রের এই গানটিতে কণ্ঠ দেওয়া আমার জন্য বিশেষ। কারণ এটাই আমার প্রথম প্লেব্যাক। আশা করছি কোনাল ও আমার এই গানটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’ গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘ভালো একটি গান হয়েছে। গানের কথা, সুর ও গায়কী অনেক সুন্দর হয়েছে। অনেক ভালোবেসে কাজটি করেছি। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।’
