কামারখন্দে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণির ছাত্রী

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণিতে পড়ুয়া অঞ্জনা খাতুন (১২)। অঞ্জনা উপজেলার চর ঝাঐল গ্রামের আয়নাল হোসেনের মেয়ে ও ঝাঐল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার চর ঝাঐল গ্রামের আয়নাল হোসেনের বাড়িতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খামারিয়াপাড়া এলাকার মৃত ঘিয়ের উদ্দিনের ছেলে কুরবানের সাথে বিয়ের আয়োজন চলছিল চতুর্থ শ্রেণিপড়ুয়া অঞ্জনার। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেন এবং ১৮ বছরের আগে অঞ্জনাকে বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করে অঞ্জনার পরিবার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অঞ্জনার বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেয়া হয়। ১৮ বছর বয়সের নিচে মেয়েকে বিয়ে দেয়া বা ১৮ বছর বয়সের নিচে কোনো মেয়েকে বিয়ে করা হবে না বলে বর ও কনের পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়েছে।