গিনির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১৫

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১২:০৩

মধ্য আফ্রিকার ইকুয়াটোরিয়াল গিনির এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে, আহত শতাধিক। রবিবার (৭ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে। বিস্ফোরণস্থলের সমস্ত বাড়ি ভেঙে গেছে। দু'একটি দেওয়াল কোনোমতে দাঁড়িয়ে আছে। লোহার কাঠামোও ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক গুণ বেশি।

দেশটির প্রেসিডেন্ট টেওডরো ওবিয়াং জানিয়েছেন, অবহেলার কারণেই বিস্ফোরণ হয়েছে। তার দাবি, সেনাবাহিনীর ঘাঁটিতে ডিনামাইট মজুত করা ছিল। অবহেলায় পড়েছিল সেই বিস্ফোরকগুলি। আচমকা তা থেকেই বিস্ফোরণ হয়। কিন্তু ডিনামাইটের স্তূপে কীভাবে আগুন লাগল। কীভাবে বিস্ফোরণ হলো। কারা এর জন্য দায়ী, এ সব কিছুই জানাননি প্রেসিডেন্ট। সেনাবাহিনীর তরফেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৪২০ জন। স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে ধ্বংসের স্তূপ থেকে আহতদের উদ্ধার করছেন। পিক আপ ট্রাকে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলি ভরে গিয়েছে আহতে। হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে রক্ত দেওয়ার অনুরোধ করেছেন। কারণ, আহতদের রক্ত দিতে হচ্ছে।

ইত্তেফাক/এসএ