ফ্যাশন সচেতন তরুণদের কাছে পলো-টি শার্ট এখন স্মার্ট পোশাক হিসেবে বেশ প্রাধান্য পাচ্ছে। আমাদের দেশি ফ্যাশন হাউজগুলোও গরমকে সামনে রেখে তৈরি করছে নিত্য-নতুন ডিজাইনের পলো টি-শার্ট। ফ্যাশনেবল এবং স্মার্ট তরুণরাই এখন ব্যবহার করছে পলো টি-শার্ট। এক সময়ের পশ্চিমা ধাঁচের এই পলো টি-শার্ট এখন আমাদের দেশীয় ফ্যাশনে যোগ করেছে এক নতুন মাত্রা। গত এক দশকে শাসন করে চলা পলো টি-শার্ট ফ্যাশনের সঙ্গে পালা দিয়ে চলছে। শুধু গরমের জন্যই নয়, যে কোনো উত্সবেও পলো টি-শার্ট এখন ফ্যাশনেবল পোশাক হিসেবে পরিচিত। গার্মেন্টস শিল্পের প্রসার এবং দেশীয় পোশাকশিল্পের জাদুর পরশ এখানে রয়েছে। একসময় আমাদের পোশাক নয় বলে বিবেচিত পলো টি-শার্ট এখন পোশাক সংস্কৃতিতে প্রতিষ্ঠা পেয়েছে। বলা হয়, পলো টি-শার্ট বিষয়ে ছেলেরা বেশ চুজি। যদিও তরুণদের গায়ে গায়ে এখন পলো টি-শার্ট। এ সময়ের ফ্যাশন হিসেবে গরমে আরামের পোশাকটি কিন্তু সবারই নজর কেড়েছে। তরুণ প্রজন্ম গ্যাভারডিন কিংবা জিন্সের সঙ্গে পলো টি-শার্ট খুবই জনপ্রিয়। পলো টি-শার্ট আসলে টি-শার্টেরই আরেক প্যাটার্ন। অর্থাত্ টি-শার্ট যেমন রাউন্ড নেক ঠিক তেমনি পোলো টি-শার্টের বডি প্যাটার্ন টি-শার্টের মতো হলেও এর সঙ্গে যুক্ত থাকে কলার, যা ফ্যাশনে নিয়ে এসেছে নতুন মাত্রা। পোলো শার্টের চাহিদা এখন সার্বজনীন। সব বয়সী মানুষ পরতে পারে। শুধু ব্যক্তিত্ব আর রুচি অনুযায়ী নির্দিষ্ট পলো টি-শার্ট বাছাই করে নিলেই হলো। ব্র্যান্ড ভেদে পলো টি- শার্টের কাপড় ও বোতামের ডিজাইনে রয়েছে ভিন্নতা। ডিজাইনে স্ট্রাইপ ও এক কালার যেমন রয়েছে, তেমনি কোনো কোনো পলো শার্টে তিন থেকে চারটি বোতামও দেখা যায়। আবার কোনোটিতে দুই বা তিনটি বোতাম। বোতামবিহীন পলো শার্টের কদরও এখন বেশ। ফ্যাশনের জন্য অল্প বোতামের পলোর চাহিদাই বেশি বাজারে। এই বোতামের ডিজাইনেও আছে বৈচিত্র্য। মেটালের তৈরি বোতাম পলো শার্টে নিয়ে এসেছে ভিন্নমাত্রা। এখন বোতামবিহীন পলো টি-শার্টের কদরও কম না। হালকা গড়নের হাতে রাবার ছাড়া কাফ পলো বেশি মানানসই। যে গড়নেরই শরীর হোক না কেন, ঢিলেঢালা শার্ট না পরে তরুণ-যুবক সবাই বেছে নিচ্ছে ফিট কিংবা সেমি-ফিট পলো টি-শার্ট। ফ্যাশন হাউজ ইজি’র পরিচালক তৌহিদ চৌধুরী বলেন, ‘সুতি ও লিনেন কাপড়ের পলো টি-শার্ট বেশি চলছে। তাছাড়া ব্যায়াম করা পেশিবহুল বাহু যাদের, তারা হাতায় রাবার দেওয়া কাফের পলো টি-শার্ট বেছে নিতে পারেন; এতে আকর্ষণীয় দেখাবে। ক্রেতারাও গরমের কথা ভেবেই বেছে নিচ্ছেন এমন কাপড়। নতুনত্ব আনতে গলায় ও কাঁধে যোগ করা হচ্ছে বাড়তি নকশা। জিনসের বা গ্যাভার্ডিন প্যান্টের সঙ্গে মানিয়ে যায় এটি। এক রঙের পলো টি-শার্টের পাশাপাশি চলছে স্ট্রাইপ পলো টি-শার্ট। পোলো টি-শার্টের কাপড়ে ও রঙে বৈচিত্র্যের সম্মিলন ঘটেছে ফ্যাশন হাউজগুলোতে। এখন একরঙা পলো টি-শার্ট যেমন চলছে, তেমনি স্টাইপ পোলো শার্টও অনেকে পছন্দ করছেন। রঙের ক্ষেত্রে গোলাপি, নীল, সাদা, লেবু, হলুদ, কমলা, ছাই বা সবুজ রং চলছে। তাই আপনিও ফ্যাশনেবল পোশাক হিসেবে বেছে নিতে পারেন আপনার পছন্দের রঙে রাঙানো পলো টি-শার্ট।’
যেখানে পাবেন
ইজি, ক্যাটস আই, এক্সট্যাসি, ইয়েলো, জেন্টল পার্ক, আমবার, সেইলর, মেনজ ক্লাব, আর্টিস্টি, রিচম্যানসহ প্রায় সব ফ্যাশন হাউজেই পোলো টি-শার্ট পাওয়া যায়। এছাড়া ঘুরে ঘুরে কিনতে চাইলে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, নূরজাহান মার্কেট ও পলওয়েলে মিলবে যে কোনো ধরনের পোলো টি-শার্ট।
দরদাম
ব্র্যান্ডভেদে দামের তারতম্য হয়। ৪০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনার পছন্দের পলো টি-শার্ট।
ছবি সৌজন্যে ইজি
