বর্ণিল আয়োজন দেখে মনে হচ্ছিল বিগত তিন দশকে বিভিন্ন প্রজন্মের মেধাবী ও সুন্দরীদের এ যেন এক মিলনমেলা। ফাল্গুনের সন্ধ্যায় একই চত্বরে আড্ডায় মেতেছিলেন নব্বইয়ের জনপ্রিয় তারকা শামীম আরা নিপা, আফসানা মিমি ও মৌসুমী। তাদের সঙ্গে খোশগল্পে যোগ দেন মম, বিদ্যা সিনহা মীম ও কুসুম শিকদারের মতো এ সময়ের তারকারাও। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তারকাখচিত হোটেলে বসেছিল তারাদের মেলা।
নতুন যাত্রা উপলক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বিউটি ব্র্যান্ড লাক্স এই পুনর্মিলনীর আয়োজন করে। এ সময় ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে বলেন, ‘লাক্স শুধু সাবান-ই নয়। ইউনিলিভার সবার জন্য টেকসই জীবন-মান নিশ্চিত করায় বিশ্বাস করে। সেই ভাবনা থেকে লাক্স আজ নতুন করে যাত্রা শুরু করেছে।’
