টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের ছোট ভাই শ্রীবাস বসু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো যতিশ বসু, তার স্ত্রী কনক বসু, বিমল বসু ও মিঠু বসু।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ আহাম্মেদ বলেন, উপজেলার মৃধাবাড়ী গ্রামে সাবেক ইউপি সদস্য নিহতের ঘটনায় বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিহতের কাকাতো ভাই ও দুই নারীকে আটক করি। শুক্রবার সকালে নিহতের ভাই বাদী হয়ে মামলা করলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাই। এছাড়াও মামলার এজাহারে উল্লিখিত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কদমবাড়ির ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য যুধিষ্টির বসুকে(৫০) কুপিয়ে হত্যা করে তার কাকাতো ভাইয়েরা। বৃহস্পতিবার সকালে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি এলাকার একটি মুরগির খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
