পিরোজপুর অফিস ও ভাণ্ডারিয়া সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ার চরখালী ফেরি শুক্রবার প্রায় এক ঘণ্টা ডুবোচড়ে আটকে পড়ায় যাত্রীদের পড়তে হয় চড়ম দুর্ভোগে।
ছুটির দিন থাকায় ওইদিন ভাণ্ডারিয়া এবং তার পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া, পাথরঘাটা, আমুয়া, কাঠালিয়াসহ দক্ষিণের প্রায় ১০টি রুটে চলাচলকারী যাত্রীরা স্ব স্ব গন্তব্যে পৌঁছানোর জন্য বিভিন্ন যানবাহনে যাতায়াত করে এই চরখালী ফেরিঘাট থেকে। কিন্তু একদিকে ফেরির একটি ইঞ্জিন বিকল থাকায় এবং ভাটির সময়ে ফেরিটি প্রায়ই ডুবোচড়ে আটকা পড়ায় দক্ষিণাঞ্চলের সাথে পশ্চিম ও উত্তর অঞ্চলের যোগাযোগের যানবাহনসহ যাত্রীদের সমস্যার সৃষ্টি হয় ঘাটে। যাত্রীদের অতিরিক্ত টাকা দিয়ে ট্রলারে পাড় হতে হয়।
ফেরির স্টাফ মো. কামরুল ইসলাম জানান, ওইদিন ফেরিটি চরখালী ঘাটের ভাণ্ডারিয়া অংশ থেকে ছেড়ে পিরোজপুরের টগরা অংশে গিয়ে ১১টা ৪৭ মিনিটের সময় একটি ডুবোচড়ে আটকে পড়ে। এ সময় ফেরিটি অতিরিক্ত বোঝাই ছিল এবং তখন শেষ ভাটি ছিল। পরে ফেরিতে থাকা মোটর সাইকেল ও যাত্রী ট্রলারে করে পিরোজপুর অংশের তীরে ওঠায় ফেরি হালকা হয় এবং জোয়াড়ে পানি বাড়ার পর স্বাভবিকভাবে ঘাটে নিয়ে যাওয়া হয়।
