স্পোর্টস রিপোর্টার
বাফুফের টার্ফ নানা বয়সের নারীদের পদচারণায় মুখরিত। ছোট ছোট এই মেয়েরা অনেকেই মায়ের হাত ধরে এসেছিলেন ফুটবল ভবনে। তাদের চোখে নতুন স্বপ্ন। আজ যিনি ছোট কাল তিনি অনেক বড় হবেন। স্বপ্নের পথে এগিয়ে যাবেন। ফুটবলে আজকের নারীদের এমন ভাবনা খুব সহজেই মায়েদের আগ্রহী করে তোলে। সন্তানরা নিজ পায়ে দাঁড়াবেন তাই এখনই সময় তাদের এগিয়ে দেওয়ার। মেয়েকে মাঠে এগিয়ে দিয়ে মায়েরা মাঠের বাইরে বসে চোখ রাখছেন। এই মেয়েরা একসময় দেশের হাল ধরবেন। বাফুফে প্রতি বছরের মতো গতকালই বিশ্ব নারী দিবস উদ্যাপন করল বেশ ঘটা করে। যেখানে কয়েক শ নারী খুদে ফুটবলার এসেছিলেন। তারা জাতীয় নারী ফুটবল দলে খেলার স্বপ্ন দেখছেন।
জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে এসেছিলেন মাঠে। তাকে পেয়ে মেয়েরা দারুণ খুশি। কেউ কেউ আনন্দের মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে সেলফি তুললেন। জেমিও খুব খুশি মনেই তাদের পাশে দাঁড়ালেন। নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও ছিলেন দিনের এই আয়োজনে। বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে এই দিনটাকে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) ওমেন্স ডে হিসাবে উদ্যাপন করে। কালকের দিনটি শুধু ঢাকাতেই নয়, মাদারীপুর, ফেনী এবং নীলফামারীতেও পালন করা হয়েছে, জানিয়েছে বাফুফে।
