সৌদির তেলশিল্পের কেন্দ্রে হুতিদের ড্রোন হামলা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:০১

রয়টার্স ও আলজাজিরা

সৌদি আরবের তেলশিল্পের কেন্দ্রস্থলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পেট্রলিয়াম রপ্তানির প্রধান বন্দর রাস তানুরেও হামলা হয়েছে। গত রবিবারের এসব হামলাকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর চালানো ব্যর্থ হামলা বলে অভিহিত করেছে রিয়াদ।

সৌদি আরবে হামলার কথা ঘোষণা করে হুতিরা জানায়, আরামকোর স্থাপনাগুলোর পাশাপাশি দাম্মাম, আসির ও জাজান শহরে সৌদি সামরিক লক্ষ্যস্থলগুলোতেও হামলা চালানো হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সাগরের দিক থেকে আসা একটি ড্রোন দিয়ে রাস তানুরের তেল সংরক্ষণাগার এলাকা, একটি তেল শোধনাগার এলাকা ও বিশ্বের বৃহত্তম সমুদ্রতীরবর্তী তেল লোডিং স্থাপনায় হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লক্ষ্যে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলোকে বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।