নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দেবে বিসিক

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:০৩

দেশের শিক্ষিত নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। সপ্তাহব্যাপী ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ দেবে বিসিকের ‘ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি)’। দেশের শিক্ষিত নারী যারা শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান, তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে।

সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সঙ্গে শিল্প নিবন্ধন প্রদান করা হবে। বিসিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে মুনিরা মান্নান, সহকারী অনুষদ সদস্য, শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, স্কিটি, বিসিক, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা কিংবা প্রকৌশলী মো. শফিকুল আলম, অধ্যক্ষ, স্কিটি, ফোন :৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ (অফিস) এর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।-প্রেস বিজ্ঞপ্তি