এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও ২০ শতাংশ বৈশাখী ভাতা ১ জুলাই ২০১৮ থেকে কার্যকর করার আদেশ জারি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে হোমনায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখা। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিটিএ-এর উপজেলা সভাপতি ও নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি ও আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।
এদিকে, নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, উপজেলা পর্যায়ে একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও উত্সব ভাতাসহ শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এনামুল হক।
