জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেদা

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৪১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেদা’ তিন দিনের সফরে গতকাল সোমবার মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে অভিবাদন এবং বাংলাদেশ নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ভারতীয় অধিনায়কদের স্বাগত জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তিন দিনের এই সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু ও জাহাজ দুটির অধিনায়ক টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অপর্ণ করবেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটি ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও পলাশে ব্যবহূত ৪১/৬০ মি:মি: গান এবং অ্যাকুয়াসটিক এমকে-০৭ মাইন শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করবে। এসব গান ও মাইন যুদ্ধকালীন মোংলা ও পশুর নদীতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ব্যবহূত হতো। সামরিক জাদুঘরের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এসব সরঞ্জাম প্রদান করা হবে।

১৮ জন কর্মকর্তা, ১৬০ জন নাবিকসহ কুলিশ জাহাজের নেতৃত্বে রয়েছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ সুমেদা জাহাজের নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল।