প্রাথমিক অনুসন্ধানে ধোঁয়াশা কাটেনি তদন্ত কমিটির

আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৪৬

চট্টগ্রাম কেন্দ ীয় কারাগার থেকে খুনের মামলার হাজতি আসামি নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তে গতকাল সোমবার সকালে কারাগার পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। এদিন সকাল ১০টায় কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত দলের সদস্যরা ডিআইজি প্রিজনের কার্যালয়ে যান। সেখানে কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে কারাগার পরিদর্শনে যান তারা। নিখোঁজ হাজতির সন্ধানে গতকাল ফায়ার সার্ভিসের তিনটি দল কারাগারের ভেতরে তল্লাশি চালায়। তল্লাশি আজ মঙ্গলবারও চলবে।

কারাগার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতকাল তদন্ত কমিটির সদস্যরা কারাগারের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছে। হাজতি নিখোঁজ হওয়া কিংবা পালিয়ে যাওয়ার সম্ভাব্য দিকগুলো মাথায় রেখে অনুসন্ধান চলছে। তবে হাজতি ফরহাদের লাপাত্তা হওয়ার কারণটি এখনো ধোঁয়াশাপূর্ণ।

জানা গেছে, গত শনিবার সকাল থেকে চট্টগ্রাম কেন্দ ীয় কারাগারের কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে থাকা হাজতি ফরহাদ হোসেন রুবেল নিখোঁজ হয়। এ ঘটনায় গত রবিবার তিন সদস্যের তদন্ত কমিটি করেন কারা মহাপরিদর্শক। তদন্ত দলের প্রধান করা হয়েছে খুলনা বিভাগের কারা উপমহাপরিদর্শক ছগির মিয়াকে। অন্য দুই সদস্য হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন ও বান্দরবান জেলা কারাগারের ডেপুটি জেলার ফোরকান ওয়াহিদ। তাদেরকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিখোঁজ হাজতি মো. ফরহাদ হোসেন রুবেল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভান্ডারির পুত্র। রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর ওয়ার্ডে ছিল। সদরঘাট থানার একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিল সে।