মেহেরপুর প্রতিনিধি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, মুজিবনগরে দ্রুত রেল সংযোগ স্থাপন করবো। এ বিষয়ে ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে ৫শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ওই টাকা কাজে লাগিয়ে দেশের সর্বাধুনিক মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। আমাদের এই উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর স্ত্রী সৈয়দ মোনালিসা হোসেন, জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ।
