তজুমদ্দিনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার নেতার দৌড়ঝাঁপ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

উপজেলা পরিষদ নির্বাচন

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। জাতীয় নির্বাচনের পরপরই এই চার নেতা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। তবে আওয়ামী লীগ থেকে এই উপজেলায় কে হচ্ছেন নৌকার মাঝি তা জানা যাবে ডেলিগেট ভোটাভুটির পর। দলের মনোনয়ন পেতে যারা দৌড়ঝাঁপ করছেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী আলহাজ মোশারেফ হোসেন দুলাল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা পরিষদ সদস্য আলহাজ ওবায়েদউল্যাহ নাসিম হাওলাদার। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দল যাকে মনোনয়ন দিবে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী তার পক্ষে কাজ করবে। নেতা-কর্মীদের দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ ফখরুল আলম জাহাঙ্গীর জানান, দলের তৃণমূল নেতাকর্মীদের ঐকমত্যের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মতে- এমপি মহোদয়ের পরামর্শক্রমে উপজেলা নির্বাচনে প্রার্থী নির্ধারণ করা হবে। যাতে দলের ভিতরে কোনোরকম মত পার্থক্য না থাকে। তবে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে সবাই মেনে নেবে।