বেনাপোল কাস্টম হাউসে ১০০ শিক্ষার্থীর পরীক্ষা

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে

বেনাপোল (যশোর) সংবাদদাতা

এই প্রথম বেনাপোল কাস্টম হাউসের উদ্যোগে স্থানীয় মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অর্থনীতি, রাজস্ব, শুল্ক, কর ও ভ্যাট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাস্টম হাউস কর্তৃক দেয়া পূর্ব নির্ধারিত সিলেবাসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেনাপোল কাস্টম হাউসের এডুকেশন ফোরামের ১২ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ গত বৃহস্পতিবার বিকালে বেনাপোল কাস্টম ক্লাবে ১০০ জন শিক্ষার্থীর পরীক্ষা নেন। শার্শা উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় এবং পাঁচটি মাদ্রাসার প্রতিটি প্রতিষ্ঠানের চারজন করে শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে। বেনাপোল কাস্টমস এডুকেশন ফোরামের এ কর্মকাণ্ডের উদ্দেশ্য  সম্পর্কে  কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার কাজী মুর্শিদা খাতুন জানান, এ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা জানতে পারবেন আমরা কেন কর দেব ?  করের টাকায় কি হয় ?  দেশকে উন্নত করতে হলে কর দিতে হবে। দেশাত্মবোধ থেকে সকলকে কর দিতে হবে। তাছাড়া শিক্ষার্থীরা জানতে পারবেন বাজেট কি ? বাজেটের অর্থের উত্স, এনবিআর, কাস্টমস, আয়কর, ভ্যাট, আমদানি-রপ্তানি, কাস্টম হাউস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট, পণ্য খালাসের পদ্ধতি ও প্রক্রিয়া।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানান, দেশের নাগরিকদের আধুনিক ও যুগোপযোগী সেবা দিতে নিয়োজিত এনবিআর। এনবিআর এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান কাস্টম হাউস, বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। ২০১৭-১৮ অর্থবছরে ৫৫০০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যয় নিয়ে কাস্টম হাউস, বেনাপোল অহর্নিশ কাজ করে যাচ্ছে।