টেকনাফে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা কারবারি নিহত

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৩:২১

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) ভোররাতে টেকনাফ সীমান্ত উপজেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। এ ঘটনায় তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। 

বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মাদকের চালান পাচারকালে গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার ভোররাতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেন। এ সময় কয়েকজন লোক দেখে চ্যালেঞ্জ করলে মাদক কারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদক কারবারি চক্রের সদস্য কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, দেশিয় অস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুপুরে টেকনাফ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় ও ঘটনার সবিস্তারে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন ওই বিজিবি কর্মকর্তা। 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ দেব জানান, ভোররাতে বিজিবি দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের শরীরে তিনটি করে গুলির আঘাত রয়েছে। এখানে নিয়ে আসার আগে তারা মারা যান। তাদের পোশাক দেখে মনে হয়েছিল, তারা রোহিঙ্গা । এ সময় আহত দুইজন বিজিবিকেও চিকিৎসা দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি