বিজয়ের দিনে মেট্রোরেলের যাত্রা শুরু

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৯:২৯

স্বপ্নের মেট্রোরেলের প্রথম সেট বহনকারী জাহাজ গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে। জাহাজটি ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আগামী ২৩ এপ্রিল। সব কিছু ঠিক থাকলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বর্ষের ১৬ ডিসেম্বর রাজধানীতে মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। 

মঙ্গলবার শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৮ দশমিক ৭২ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস  ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক, দ্রুততর ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। প্রতিদিন ২৪ সেট রেলগাড়ি চলাচল করবে। প্রত্যেকটি রেলে থাকবে ছয়টি করে কার। যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটবে এই রেলগাড়ি।  উভয়দিক থেকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহনে সক্ষমতা থাকবে মেট্রোরেলের। এ প্রকল্পের  জন্য মোট ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাকিটা সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, ইতোমধ্যে ডিপোর অভ্যন্তরে ৬ কিলোমিটার ওভারহেড ক্যাটেনারি সিস্টেম স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি হয়েছে ৮১ দশমিক ৪২ শতাংশ, দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি হয়েছে ৫৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে ৪৯ শতাংশ।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সচিব এম এ এন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। জাপান থেকে ঢাকার পথে মেট্রোরেল। ঢাকায় মেট্রোরেলের কোচ এলেই পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। 

 

ইত্তেফাক/ইউবি