বিনোদন রিপোর্ট
গতকাল বাদ ফজর নিকেতন মসজিদে নামাজে জানাজা শেষ সকাল ১০টায় চিত্রনায়ক শাহীন আলমের মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। ভাইয়ের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বলে তার ছেলে ফাহিম আলম জানিয়েছেন। দাফনের সময় পরিবারের সদস্যসহ চলচ্চিত্রের অনেকে হাজির হয়েছিলেন এই অভিনেতাকে শেষবিদায় জানাতে।
ফাহিম জানান, সকালে শাহীন আলমের মরদেহ তার মেয়ের কবরের পাশে ভাইয়ের কবরে দাফনের নিয়ে যাওয়া হলে কিছুটা জটিলতা তৈরি হলেও পরে সুষ্ঠুভাবেই দাফনসম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছিলেন চিত্রনায়ক শাহীন আলম। গত ১ মার্চ তার শরীর বেশি খারাপ হলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ৬ মার্চ লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি গত ৮ মার্চ রাত ১০টা ৫ মিনিটে শেষঃনিশ্বাস ত্যাগ করেন।
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করা শাহীন আলম ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা ইত্যাদি।
