‘স্বপ্নের সমান বড়ো হতে চাইলে কাজকে ভালোবাসুন’

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২০:১৫

 

—আনোয়ার এমডি হোসেইন

কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট, অ্যামাজন, আমেরিকা

>> আল ফাতাহ মামুন 

 

ক্যারিয়ারে উন্নতি করার একমাত্র সূত্র হলো ‘কাজকে ভালোবাসা’। কাজকে একবার ভালোবেসে ফেলতে পারলে আপনাকে কেউ আর আটকাতে পারবে না। অনেকেই বলেন, কাজটাকে ঠিক ভালোবেসে উঠতে পারছি না—কী করব? পৃথিবীর বৃহত্ অনলাইন রিটেইলার ও প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে খ্যাত অ্যামাজনের কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট আনোয়ার এমডি হোসেইন বলেন, ‘ভালোভাবে জানা থাকলেই কাজকে ভালোবাসা সম্ভব। আমরা অনেকেই কাজ শিখতে চাই না, আবার স্কিল বাড়ানোর ব্যাপারেও অনেকে গুরুত্ব দেই না। সত্যি বলতে, বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট ব্যক্তি কখনো উন্নতি করতে পারে না। আপনাকে সবসময় স্কিল বাড়াতে আন্তরিক চেষ্টা করে যেতে হবে। তাহলেই ক্যারিয়ার জীবনে কাঙ্ক্ষিত সফলতা ধরা দেবে।’

নিজের ক্যারিয়ারের সফলতার গল্প শুনিয়ে আনোয়ার বলেন, ‘১৯৯৭ সালে বাংলাদেশে গ্রামীণ ফোন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ওই বছরই আমি কোম্পানিটির কাস্টমার সার্ভিসে যোগ দেই। যে কোনো কাজের শুরুতে একটু বেগ পেতে হয়। যেহেতুে গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিসে আমার আগে আর কেউ কাজ করেনি, তার মানে আমার সামনে কোনো মডেল বা প্রি-প্ল্যান ছিল না। এমন অবস্থায় কাজকে ভালোবাসতে না পারলে ক্যারিয়ার এগিয়ে নেওয়া সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়। আমি অল্প অল্প করে সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকি। প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা, নতুন কিছু শেখার আগ্রহ এবং স্কিল ডেভেলপ করার চেষ্টা সফলতার পথে আমাকে এতটাই এগিয়ে দিয়েছে যে, দীর্ঘ ১৭ বছরের গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস থেকে বিদায় নেওয়ার পর আমি আমেরিকার বিখ্যাত টেলিফোন কোম্পানি ‘এটিঅ্যান্ডটি’র সিনিয়র কনসাল্ট্যান্ট হিসেবে জয়েন করি।’

সেখানে কাজের অভিজ্ঞতা সম্পর্কে আনোয়ার বলেন, ‘কাস্টমার ইজ দ্যা কিং—এই মূলমন্ত্রটি আরো ভালো করে বুঝেছি এখানে। কাস্টমারের সুযোগ-সুবিধা প্রাধান্য দেওয়াই একটি প্রতিষ্ঠানের প্রধান কর্তব্য। প্রতিষ্ঠানের একজন কর্মী হিসেবে আমাকেও এ বিষয়ে সবচেয়ে বেশি সচেতন থাকার পাশাপাশি উদ্যোগী-উদ্যমী হতে হবে, এই মানসিকতা নিয়ে কাজ করেছি। এর কারণ হলো, আমি সবসময় নতুন কিছু শেখা এবং স্কিল বাড়ানোর চেষ্টা করতাম এবং এখনো তা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘অ্যামাজনের কোয়ালিটি অ্যাসুরেন্স স্পেশালিস্ট হিসেবে যোগ দেই ২০১৮ সালে। এখানেও একই নীতি—‘ক্রেতাই রাজা’। ক্রেতাকে কত ভালো সেবা দেওয়া যায় এজন্য অ্যামাজন আলাদা করে ভাবে এবং আলাদা ফান্ডও রেখেছে।’ আড্ডা শেষে আনোয়ার আবারও মনে করিয়ে দিয়েছেন, ‘ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে, স্বপ্নের সমান বড়ো হতে চাইলে—কাজকে ভালোবাসুন। কাজকে নিজের সেরাটা দিন, কাজ আপনাকে শ্রেষ্ঠ উচ্চতায় নিয়ে যাবে।’