বছর ঘুরে আবার শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বর্ণাঢ্য আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাকা সিলেট ও ঢাকা ঘুরে এবার শুরু চট্টগ্রাম পর্ব। গতকাল শুক্রবার এই পর্বের প্রথম ম্যাচে অলোক কাপালির সিলেট সিক্সারসের মুখোমুখি হয় মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে শক্তি পরীক্ষায় নামে মুশফিকের চিটাগং ভাইকিংস ও মাশরাফির রংপুর রাইডার্স। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের পরপরই কানায় কানায় ভরে যায় গ্যালারি। ছুটির আমেজে ক্রিকেট উত্সবে মেতে ওঠেন হাজার হাজার ক্রিকেট প্রেমী।
জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান খানিকটা দুর্গম এলাকাতেই। মূল নগরী থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কাট্টলীর সমুদ্র সৈকতের কাছে এই আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর অবস্থান। স্টেডিয়ামের আশেপাশে অনেকগুলো জেলে পরিবারের বসবাস। এছাড়া রয়েছে কিছু কলকারখানা ও সরকারি প্রতিষ্ঠান। শহর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসা-যাওয়ার ব্যবস্থা খুব একটা ভাল না হওয়ায় প্রয়োজন ছাড়া কেউ এদিকটায় আসেনও না। তাই স্টেডিয়াম এলাকায় সবসময় এক ধরনের নিরবতা বিরাজ করে। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় যখন স্টেডিয়ামে ক্রিকেট খেলা থাকে। তখন পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এর কারণ চট্টগ্রামে ক্রিকেট একটি বড় সেনসেশন। কোথাও ক্রিকেট খেলা হচ্ছে আর সেখানে দর্শক নেই, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। আর বাংলাদেশের খেলা থাকলেতো কথাই নেই। একই দৃশ্য দেখা যায় বিপিএলেও। তারকা ক্রিকেটারদের দেখতে প্রতিদিন গ্যালারি থাকে দর্শকে ঠাসা।
তবে অন্যান্যবারের তুলনায় এবার যেন বিপিএল নিয়ে একটু বেশি আগ্রহী চট্টগ্রামের মানুষ। কারণ তাদের দল চিটাগং ভাইকিংস এখনও পর্যন্ত সাত ম্যাচের ছয়টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে। অতীতে এমনটা কখনো দেখা যায়নি। বিপিএলে চট্টগ্রামের সাফল্য নেই একদমই।
ঢাকা, কুমিল্লা ও রংপুর ইতিমধ্যে শিরোপার স্বাদ পেলেও চট্টগ্রাম এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। অতীতের পাঁচটি আসরে দেখা গেছে প্রতিবার অনেক আশা জাগিয়ে শুরু করে চিটাগং ভাইকিংস। কিন্তু শেষ পর্যন্ত সেই আশার গুঁড়ে বালি পড়ে। তবে মুশফিকের নেতৃত্বে ভাইকিংস এবার চমক দেখাবে বলেই স্থানীয়রা আশা করছেন।
এবার তাই বিপিএলের টিকেট বেচাকেনাতেও বেশ রমরমা ভাব বিরাজ করছে। গতকাল টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন অনেকে। আবার চড়াদামে কালোবাজারিতে টিকেট কিনে গ্যালারিতে প্রবেশ করেছেন অনেকে।
সব মিলিয়ে ভাইকিংস নিয়ে এবার আগ্রহের মাত্রা অনেকটাই বেশি। চট্টগ্রাম এবার ভাল খেলছে। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মত তারকা না থাকলেও যে উপভোগ্য ক্রিকেট উপহার দেয়া যায়, এবার মুশফিকের নেতৃত্বে টিম চিটাগং তার ভালভাবেই বুঝিয়ে দিয়েছে।
