জয় দেখছে ক্যারিবিয়ানরা

৭৭ রানেই শেষ ইংল্যান্ড!

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

কেনসিংটন ওভালে সিরিজের প্রথম টেস্টের প্রথম দু’দিন শেষ হতে না হতেই জয় দেখতে শুরু করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর তাদের জন্য জয়ের মঞ্চটা প্রস্তুত করে দিয়েছেন বোলাররাই। সফরকারী ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে করতে পারে মোটে ৭৭ রান!

দ্বিতীয় দিনটায় আক্ষরিক অর্থেই ছিল বোলারদের জয়জয়কার। উইকেট পতন হয়েছে মোট ১৮টি! নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সবগুলো উইকেট হারিয়ে করে ২৮৯ রান। সর্বোচ্চ ৮১ রান আসে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন পাঁচটি ও বেন স্টোকস চারটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ইংল্যান্ড মাত্র ৭৭ রানে অলআউট হলেও, ওয়েস্ট ইন্ডিজ তাদের ফলোঅনে না ফেলে নিজেরাই আবার ব্যাট করতে নামে। তাতে, দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করে ১২৭ রান।

দিনের বড় নায়ক নিঃসন্দেহে কেমার রোচ। তিনি একাই নিয়েছেন পাঁচটি উইকেট। তাও আবার মাত্র ১৭ রান হজম করে। এই নিয়ে ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট পাওয়ার স্বাদ নিলেন কেমার রোচ। ব্রিজটাউনের পেস বান্ধব উইকেটের পুরোটা সদ্ব্যবহার করে দেখিয়েছেন তিনি।

এ ছাড়া, অধিনায়ক জেসন হোল্ডার আলজারি জোসেফ দু’টি করে উইকেট নেন। ইংল্যান্ডের হয়ে ওপেনার কিটন জেনিংস সর্বোচ্চ ১৭ রান করেন। তিনি বাদে আর মাত্র তিনজন ইংলিশ ব্যাটসম্যানই এদিন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন।

এত অল্পে ইংল্যান্ড গুটিয়ে যাওয়ার পর প্রথম ইনিংসেই ২১২ রানের লিড পেয়ে যায় স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটেই ৫২ রান পর্যন্ত চলে গিয়েছিল। সেখান থেকে পতনের সূচনা হয়। মাত্র নয় রানের মধ্যেই হারিয়ে যায় পাঁচটি উইকেট। এরপর দলের হাল ধরেন শিমরন হেটমায়ার ও শেন ডরউইচ। হেটমায়ার ৩১ রান করে সাজঘরে ফিরলেও ডরউইচ ২৭ রান করে ব্যাট চালাচ্ছেন। তার সঙ্গী অধিনায়ক জেসন হোল্ডার অপরাজিত আছেন সাত রান করে। এর আগে ওপেনার জন ক্যাম্পবেল ৩৩ ও ক্রেইগ ব্রেথওয়াইট ২৪ রান করেন।

প্রায় দুই বছরেরও বেশি সময় বাদে টেস্ট খেলতে নামা ড্যারেন ব্রাভো প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে দুই রানের পর এবার তিনি করেছেন মাত্র এক রান।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মঈন আলী। আর দু’টি উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। চার উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের লিড এখন ৩৩৯ রানের। এই অবস্থা থেকে দলটি লিড আর কতটা বাড়িয়ে নিতে পারে এখন সেটাই দেখার বিষয়।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৮৯ অলআউট (হেটমায়ার ৮১, হোপ ৫৭, চেস ৫৪; অ্যান্ডারসন ৫/৪৬, ৪/৫৯)

ও দ্বিতীয় ইনিংস: ১২৭/৬  (ব্রেথওয়াইট ২৪, ক্যাম্পবেল ৩৩, ৩১, ডরউইচ ২৭*; মইন ৩/৪১, স্টোকস ২/৩১)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ওভারে ৭৭ অলআউট (জেনিংস ১৭, বেয়ারস্টো ১২, কুরান ১৪, রশিদ ১২, অরোচ ৫/১৭, হোল্ডার ২/১৫, জোসেফ ২/২০)