নারী এককের শিরোপা লড়াই আজ
স্পোর্টস ডেস্ক
শীর্ষ বাছাই নোভাক জকোভিচ গতকাল শুক্রবার একতরফা সেমিফাইনালে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হলেন। ৩১ বছরের জকোভিচ শেষ চারে লুকাস পৌলির বিরুদ্ধে ৬-০, ৬-২ ও ৬-২ গেমে জিততে সময় নেন কেবল এক ঘণ্টা ২৩ মিনিট।
জকোভিচ ও নাদালের জেতা গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা হলো ৩১টি। টেনিসের এই দুই সুপারস্টার আরেকটি শিরোপার জন্য লড়বেন আগামীকাল রবিবার। বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ ২০১২ সালের ছয় ঘণ্টার শিরোপা লড়াইয়ের পর এই প্রথম আবার মেলবোর্নে মুখোমুখি হতে যাচ্ছেন।
পৌলির বিরুদ্ধে রড লেভার অ্যারিনায় কাল দুর্দান্ত খেলেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই সার্বিয়। ২৮তম বাছাই পৌলির সাথে জয়ের পর জকোভিচ বলেন, ‘এই কোর্টে অবশ্যই আমার খেলা ম্যাচগুলোর মধ্যে অন্যতম সেরা এটি। খেলার আগে আমি যেভাবে কল্পনা করেছিলাম সবকিছু সেভাবেই কাজ করেছে। লুকাসের জন্য এটা ছিল কঠিন এক ম্যাচ।’
ফরাসি এই খেলোয়াড়ও স্বীকার করেছেন ‘পারফেক্ট’ জকোভিচকে মোকাবেলা করতে গিয়ে তিনি হতবুদ্ধি হয়ে পড়েছিলেন। পৌলি বলেন, ‘আপনি কল্পনা করতে পারবেন, এটা সহজ ছিল না। আমি একটা সমাধান খোঁজার চেষ্টা করছিলাম। কিন্তু কোনো উপায় খুঁজে পাইনি।’
জকোভিচের লক্ষ্য এখন সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়। সফল হলে মেলবোর্নের এই টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে তিনি রয় এমারসন ও রজার ফেদেরারকে ছাড়িয়ে যাবেন।
নাদাল জিতলে এটি হবে তার ১৮তম গ্র্যান্ড স্ল্যাম। সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সাথে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের ব্যবধান দুইয়ে নামিয়ে আনতে পারবেন স্পানিশ খেলোয়াড়টি। একই সাথে তা হবে নাদালের জন্য দ্বিতীয়বারের মতো ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়।
উভয় খেলোয়াড়ই ফাইনালে উঠেছেন দাপুটে জয় দিয়ে।
নারী এককের ফাইনাল আজ
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা লড়াইয়ে আজ কোর্টে নামছেন নাওমি ওসাকা ও পেত্রা কভিতোভা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে খেলাটি।
ওসাকা ইউএস ওপেন জয়ের পর টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যেই মেলবোর্নে মুখোমুখি হবেন কভিতোভার। অপরদিকে চেক খেলোয়াড়টি জিতলে এটি হবে তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়। এ ফাইনালে জাপানি ওসাকা কিংবা চেক কভিতোভার মধ্যে যেই জিতুন না কেন, জয়টির সুবাদে তিনিই হতে যাচ্ছেন বিশ্বের পরবর্তী এক নম্বর নারী টেনিস খেলোয়াড়।
