পুলিশে নিয়োগ

আপডেট : ০৯ মার্চ ২০২১, ২১:৫৭

বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এস আই (নিরস্ত্র) নিয়োগ ২০১৯ পরীক্ষায় ১ লাখ ২৫ হাজার প্রার্থীর মধ্যে শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা ৪১২৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হই। তার মধ্যে সিলেকশন বোর্ড  গত বছরের ৯ ফেব্রুয়ারি ১৪০২ জনকে সাময়িকভাবে সুপারিশ করেন। ঐ সময় মেডিক্যাল ও পুলিশ ভেরিফিকেশনে ৯৫ জন প্রার্থী বাদ পড়ে যায়। চূড়ান্ত পর্যায়ে নিয়োগ দিতে বাকি ১৩০৭ জনকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য মনোনীত করেন কর্তৃপক্ষ।

প্রতি বছর মনোনীত প্রার্থীদের মধ্যে শ’দুয়েক প্রার্থী বাদ পড়েন মেডিক্যাল ও ভেরিফিকেশনে। এছাড়াও পুলিশ একাডেমি সারদাতে প্রশিক্ষণরত অবস্থায় অনেকেই অন্যান্য সরকারি চাকরিতে চলে যান। আর এ কারণে বাংলাদেশ পুলিশের এস আই পদে কাঙ্ক্ষিত জনবল নিয়োগ না হওয়ায় শূন্য পদ সৃষ্টি হয়। এছাড়াও গত বছরের শুরুর দিক থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ও পরীক্ষা গ্রহণ বন্ধ থাকায় শিক্ষিত বেকার যুবর সংখ্যা বাড়ছে। এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে ২০২০ সালে পুলিশের এই গুরুত্বপূর্ণ পদে কোনো সার্কুলার প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশে জনবল বাড়ানো ও বিভিন্ন ইউনিট বাড়ানোর মাধ্যমে জনগণকে সেবা প্রদানের নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এ অবস্থায়, পুলিশে বহিরাগত ক্যাডেট এস আই (নিরস্ত্র) শূন্য পদ পূরণে ৩৮তম বহিরাগত ক্যাডেট এস আই নিয়োগ-২০১৯ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীদের অপেক্ষমাণ তালিকা প্রকাশ করে সেখান থেকে বিশেষ বিবেচনায় সুপারিশ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাদেক হোসেন

ছায়কোট, চান্দিনা, কুমিল্লা