দেশে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েক দিন করোনা ৬০০-এর নিচেই অবস্থান করছিল; কিন্তু সোমবার তা হুট করে বেড়ে দাঁড়ায় ৮৪৫ জনে। মঙ্গলবার এই সংখ্যা আরো বেড়ে দাঁড়ায় ৯১২ জনে, যা গত ৫৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল। সেদিন ১ হাজার ৭১ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।
এদিকে সংক্রমণ বাড়তে থাকায় দৈনিক শনাক্ত রোগীর হারও আবার ৫ শতাংশের ওপরে উঠে এসেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ১৩ শতাংশ। দৈনিক শনাক্তের হার সর্বশেষ ৫-এর বেশি ছিল গত ১৮ জানুয়ারি। এরপর কমতে কমতে তা ৩ শতাংশের নিচেও নেমেছিল। তবে মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকায় শনাক্তের হারও বাড়তে থাকে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৪৮৯ জনে। আর গত এক দিনে আরো ৯১২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ২২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন হয়েছে।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের সবাই পুরুষ এবং সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের পাঁচ জনের বয়স ৬০ বছরের বেশি, পাঁচ জনের ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের এবং এক জন করে মোট তিন জন চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের বাসিন্দা।
