সেরা চারের আশা ছাড়ছেন না কাপালি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

সিলেট সিক্সার্স নয় ম্যাচে মাত্র কেবল তিন জয় পাওয়ায় পয়েন্ট তালিকার তলানিতে। তারপরও  সুপার ফোরে উঠার আশা ছাড়ছেন না অধিনায়ক অলোক কাপালি। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় বলেই মনে করেন তিনি। সামনে থাকা তিন খেলার সবগুলোতেই জিততে পারলে কাজটা সহজ হয়ে যাবে বলেই তার বিশ্বাস।

গতকাল রাজশাহী কিংসকে হারিয়ে জয়ে ফেরার পর সামনে আলোকিত পথই দেখছেন কাপালি। তিনি বলেন, ‘চারটা ম্যাচ আমরা খুব ক্লোজ গিয়ে হেরে গেছি। আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ জিতে যাব। তারপর দেখব কি হয়। এই ম্যাচটায় (রাজশাহীর সাথে) আমাদের টার্গেট ছিল জেতার জন্য নামব। পরের ম্যাচেও আমরা এই ধরনের চিন্তাভাবনা করছি।’

সিলেট অধিনায়ক জানালেন, এবার তার টিমের ভাগ্য বেশ খারাপ। কারণ, বেশ কয়েকটা ক্লোজ ম্যাচে জিততে জিততে হেরে গেছেন তারা। তিনি বলেন, ‘সমস্যা হল আমাদের লাকটা একটু চেঞ্জ হওয়া দরকার। দেখা যাচ্ছে অনেক জেতা ম্যাচ আমরা হেরে যাচ্ছি। সুপার ফোরে যাওয়ার চিন্তা এখনই করছি না।’

অধিনায়কত্ব ফিরে পেয়ে কেমন লাগছে জানতে চাইলে কাপালি বলেন, ‘এইটা আসলে ম্যানেজমেন্টের ব্যাপার। আমার কাছে জানতে চাওয়া হল। আমি বললাম সমস্যা নাই। ওয়ার্নার ক্যাপ্টেন ছিল। মাঝখানে ওর যে ইনজুরি হল সেটা অনেক বড় ইনজুরি। এটাতো ওর জন্য খারাপ। ও কিন্তু রিস্ক নিয়ে সিলেটের জন্য অনেক ম্যাচ খেলেছে। তবে আমাদের মধ্যে যেই ক্যাপ্টেন হোক সবার চিন্তা থাকে দলের জন্য ম্যাচটা ভাল খেলার। কে ক্যাপ্টেন হল আর কে হল না, এটা নিয়ে চিন্তা করি না। ক্যাপ্টেন হওয়ার পর আমি বলেছি যে সবাই এক হয়ে কাজ করব।’

দলের অন্যতম সদস্য নাসির হোসেন ঢাকা থেকে সিলেটে যাননি। আবার মাঝখানে ঢাকায় একটা ম্যাচ খেললেন। আবার চট্টগ্রামে ওর নাম ১৫ জনের লিস্টেই নাই। এ ব্যাপারে কাপালি বলেন, ‘আসলে টিম কম্বিনেশনের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়। আপনি দেখবেন আমাদের প্রতিপক্ষ টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার আছে। ওরা কিন্তু সুযোগ পায়নি।’

স্থানীয় অধিনায়ক হলেই যে এখানকার ক্রিকেটারদের সাথে ভাল কম্বিনেশন হবে এমনটা মনে করেন না কাপালি, ‘আমি আসলে এমনটা মনে করি না। ওয়ার্নার যখন ছিল আমাদের জন্য খুব ভাল হয়েছে। জুনিয়রদের ও খুব সাহায্য করত। ওয়ার্নার বা স্মিথের মত বড় মাপের টি টোয়েন্টি প্লেয়াররা ক্যাপ্টেন হলে জুনিয়রদের জন্য ভাল। তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তবে আমাদের জাতীয় দলের সিনিয়র প্লেয়ার যারা আছে তাদেরকে প্রায়রিটি দেয়া উচিত।’

ঘরোয়া ক্রিকেটে তেমন সুযোগ না পাওয়ায় বাংলাদেশে লেগ স্পিনার উঠে আসছে না বলে মনে করেন কাপালি। তার মতে, ‘ওরা যত বেশি সুযোগ পাবে ততই আমাদের জন্য ভাল। একজন লেগ স্পিনার কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে পারে। সে ‘গেম চেঞ্জার’ হতে পারে। তাই প্রতিটা বড় টিমই দলে দুয়েকজন লেগ স্পিনার রাখে।’