ইয়টে কোয়ারেন্টাইন করতে পারবেন পর্যটকরা

আপডেট : ১০ মার্চ ২০২১, ০২:৩৩

পর্যটকদের সুবিধা ও দেশের অর্থনীতির কথা বিবেচনা করে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। এখন থেকে দেশটিতে ভ্রমণ করা পর্যটকরা তাদের দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ইয়ট বা কোনো ছোট ক্রুজ জাহাজে কাটাতে পারবেন।

এর মধ্য দিয়ে থাইল্যান্ড সরকার আশা করছে যে, নতুন উদ্যোগটি চলতি মৌসুমে দেশের ইয়ট পর্যটন আয়ে ১ দশমিক ৮ বিলিয়ন বাট বা ৫৮ মিলিয়ন ডলার রেভিনিউ নিয়ে আসবে।

মহামারি করোনা ভাইরাসের প্রভাবে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতকে পুনরুদ্ধারের উদ্দেশে এই পদক্ষেপ নেয়া হয়েছে। গত সোমবার (৮ মার্চ) এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এক্ষেত্রে পর্যটককে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে।

এর আগে গত জানুয়ারিতে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে পর্যটকদের জন্য স্থানীয় গলফ কোর্সে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছিল।

থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম আয়ের উৎস পর্যটন খাত। কিন্তু গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর লকডাউনের কারণে এ খাতে ধস নামে। যা বর্তমানে কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে। গত অক্টোবরেই পর্যটকদের জন্য দর্শনীয় স্থানগুলো খুলে দেয়া হয়।

উদ্যোগটি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং এর জন্য ১০০টি ইয়ট সমুদ্র সৈকতে নামিয়েছে স্থানীয় প্রশাসন।

ইত্তেফাক/টিএ