বিবিসি
আগামী মাসে নির্ধারিত সময়ে হাউসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। বুধবার তার উপদেষ্টা এই খবর জানিয়েছেন। কোহেনের দাবি, ট্রাম্পের হুমকিতেই পিছিয়ে গিয়েছেন তিনি। কোহেন নির্ধারিত সময়ে সাক্ষ্য না দেওয়ায় ট্রাম্পকে আক্রমণ করার বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে ডেমোক্র্যাটদের। হাউসে মাত্র শক্ত জায়গা তৈরি করার পরে কোহেন-অস্ত্রে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার আশা ছিল ডেমোক্র্যাটদের।
ট্রাম্পের প্রেসিডেন্ট পদে বসার আগে রাশিয়ার সঙ্গে যোগাযোগ এবং বিপুল পরিমাণ অর্থ দিয়ে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার মতো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কোহেনের মুখ খোলার সম্ভাবনা ছিল। কিন্তু কোহেনের আগামী ৭ ফেব্রুয়ারির সেই সাক্ষ্যদান পিছিয়ে দিয়েছেন। কবে আবার তিনি সাক্ষ্য দেবেন, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের সাবেক আইনজীবীর দাবি, প্রেসিডেন্ট আর তার অ্যাটর্নি মুখপাত্র রুডি জুলিয়ানি তাকে হুমকি দিয়েছেন। বিশেষ আইনজীবী রবার্ট মুলারের সঙ্গে কোহেন রুশ তদন্ত সংক্রান্ত জিজ্ঞাসাবাদে পুরোপুরি সহযোগিতা করছিলেন বলে তার দাবি। আর এই জন্যই ট্রাম্পের চাপের মুখে কোহেনকে পড়তে হয়েছে।
কোহেনের উপদেষ্টা ল্যানি ডেভিস জানিয়েছেন, পরিস্থিতি বুঝে আইনজীবীদের পরামর্শমতো ৭ ফেব্রুয়ারির সাক্ষ্যদান পিছিয়ে দেওয়া হচ্ছে। যথাযথ সময়ে সাক্ষ্য দেবেন কোহেন। আপাতত কোহেনের কাছে পরিবার এবং তাদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডেভিস সরাসরি প্রেসিডেন্টের হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্প এবং জুলিয়ানি সমপ্রতি আইন দপ্তরকে প্রকাশ্যে কোহেনের শ্বশুরের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা বলেছেন।
