আত্মহত্যা করা স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, থানায় মামলা

আপডেট : ১০ মার্চ ২০২১, ১৬:৪৫

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নবম শ্রেণির ছাত্রী আত্মহত্যার পর মেয়েটির সঙ্গে এলাকার হাফিজুর রহমান (৩০) নামে এক যুবকের আপত্তিকর ৪ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের ১৩ দিন পর মঙ্গলবার (৯ মার্চ) রাতে বদরগঞ্জ থানার এসআই অলিউল রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছে। মামলা নং ০৯, তবে এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার হয়নি। 

এর আগে, গেল ৫ জানুয়ারি বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা করায় রংপুর কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা করা হয়। 

এলাকাবাসি জানান, হাফিজুর রহমান প্রেমের ফাঁদে ফলে সংখ্যালঘু পরিবারের মেয়েটিকে ব্ল্যাকমেইল করতে ভিডিওটি ধারণ করা হয়। এ নিয়ে ক্ষোভে-লজ্জায় মেয়েটিকে আত্মহননে পথ বেছে নিতে বাধ্য হয়েছে বলে তারা জানান। তবে ওই ৪ মিনিট ২৩ সেকেন্ডেরে ভিডিওতে হাফিজুরকে দেখা যায়। হাফিজুর ওই এলাকার সাবেক ইউপি সদস্য ইউনুছ আলীর ছেলে। অভিযোগ উঠেছে ওই ভিডিও ধারণ করেছে বিপুল চন্দ্র (২৬) নামে একজন। বিপুল আর হাফিজুর দুই বন্ধু মিলে এসব ভিডিও ধারণ করেছে। 

গত ৫ জানুয়ারি সকাল ১১ টায় নিজ বাড়িতে মেয়েটি বিষ পান করে। মেয়েটিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পর মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে নিতে বলেন।পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭ টায় মেয়েটি মারা যায়।

১৩ দিন আগে ভিডিওটি এলাকায় ভাইরাল হওয়ার পরপর থেকে কিশোরীর বিধবা মা নিখোঁজ রয়েছে। তিনি কোথায় গেছেন প্রতিবেশীরা কেউ তা বলতে পারে না। বাড়িতে তালা লাগানো রয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান ভিডিও ভাইরালের ঘটনাটি সত্যতা নিশ্চিত করে তিনি সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করি। কিন্তু মেয়েটির পরিবারের কেউ মামলার বাদি না হওয়ায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, তবে দ্রুত গ্রেফতার হবে বলে আশা করছি। 
ইত্তেফাক/এমএএম