গৌরীপুরে এমপি-মেয়রের পাল্টা-পাল্টি মামলা, গ্রেফতার ৪

আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:০০

ময়মনসিংহের গৌরীপুরে গত ৭ মার্চে এমপি পুত্র ও পৌরসভার মেয়রের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে। চলমান বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার মামলা করা হয়। এমপির পক্ষের মামলায় মেয়রের চার সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রাজিবুল ইসলাম রাজিব, হায়দার আলী, মশিউর জাহান শাকির বাবু ও শহীদুল ইসলাম। তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৭ মার্চ গৌরীপুর পৌরসভা সংলগ্ন রেলক্রসিংয়ের পাশে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর পুত্র তানজির আহমেদ রাজীবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। মেয়র সংবাদ সম্মেলন করে দাবি করেন, হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে এমপিপুত্রের নির্দেশে গুলি ছোড়া হয়েছে। ওই দিন রাতে এমপি নাজিম উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে তার গাড়িবহরে হামলা হয়েছিল বলে জানান। এসব ঘটনাকে কেন্দ্র করে সোমবার গৌরীপুরে আধাবেলা হরতাল পালন করেন মেয়র সমর্থক ব্যবসায়ীরা। 

দু’পক্ষের পাল্টা-পাল্টি কর্মসূচীতে এমপির পক্ষে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে ১নং আসামী করে ৪২ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় ১৪৩/৩৪১/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪, পেনাল কোড- ১৮৬০ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর- ১২/৬৩। 

অপর দিকে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বাদী হয়ে এমপি পুত্র রাজীবকে ১নং আসামী করে ১৩ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে গৌরীপুর থানায় ১৪৩/৩২৩/ ৩০৭/১১৪/ ৫০৬, পেনাল কোড- ১৮৬০ ধারায় মামলা দায়ের করেন, যার নম্বর- ১৩/৬৪।

ইত্তেফাক/এসআই