প্রধানমন্ত্রী পদে রাহুলকেই সমর্থন, চারদিনেই মত বদল কুমারস্বামীর

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:০৩

 

চারদিনের মধ্যেই পছন্দ বদলে ফেললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। বললেন, প্রধানমন্ত্রী হিসেবে তার ও দলের পছন্দ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এর আগে শনিবার কলকাতায় ব্রিগেড জনসভার পর কুমারস্বামী বলেছিলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণই রয়েছে তৃণমূল নেত্রী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে লোকসভা নির্বাচনের প্রচারে এসে আমেথিতে নিজের সংসদীয় আসনেই কৃষকদের ক্ষোভ ও প্রতিবাদের মুখোমুখি হয়েছেন রাহুল। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি

কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার চালাচ্ছেন কুমারস্বামী। বুধবার তিনি বলেন, ‘এটা আমাদের দলের সিদ্ধান্ত যে আমরা প্রধানমন্ত্রী পদে সমর্থন করব রাহুল গান্ধীকে। এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর এটাই আমরা করব।’ তিনি জানান, তার বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াও সেটাই চাইছেন। গত শনিবার ব্রিগেডে ২৩টি বিরোধী দলের সমাবেশে কেন মমতাকে তার পছন্দ বলে জানিয়েছিলেন তার জবাবে কুমারস্বামী বলেন, ‘আমি বিজেপিকে বাদ দিয়ে অন্য আঞ্চলিক দলগুলির যোগ্য নেতাদের নামোল্লেখ করেছিলাম। মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অন্যতম। তবে আমার দল রাহুলকেই প্রধানমন্ত্রী পদে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কাগুজে বাঘ’ তকমা দিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মোদীকে সরিয়ে একমাত্র রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী হতে পারেন। রাহুল যথেষ্টই পরিণত রাজনীতিক।’

এদিকে লোকসভা নির্বাচনের প্রচারে এসে উত্তর প্রদেশের আমেথিতে নিজের সংসদীয় আসনেই কৃষকদের ক্ষোভ ও প্রতিবাদের মুখোমুখি হয়েছেন রাহুল। বুধবার আমেথির গৌরিগঞ্জ শহরে রাহুলের বিরুদ্ধে কৃষকরা বিক্ষোভ করেন। কৃষকদের দাবি, তাদের কাছ থেকে নিয়ে রাজিব গান্ধী ফাউন্ডেশনকে যে জমি দেওয়া হয়েছিল, হয় সেগুলো ফিরিয়ে দেওয়া হোক, নয়তো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। কৃষক বিক্ষোভে অংশ নেওয়া সঞ্জয় সিং বলেন, ‘আমরা রাহুল গান্ধীকে নিয়ে খুবই হতাশ। তার ইতালি ফিরে যাওয়া উচিত। তিনি এখানে থাকার যোগ্য নন। রাহুল আমাদের জমি দখল করে রেখেছেন।’