গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দশ বছরের এক দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সবুজ মিয়া (২৬) নামের এক কসমেটিকস ব্যবসায়ীকে বুধবার (১০ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৯ মার্চ) রাত সাড়ে আটটায় গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সবুজ মিয়া গাইবান্ধা শহরের সবুজপাড়া এলাকার আব্দুর রশিদ গামার ছেলে।
ধর্ষণের শিকার শিশুটির বাবার অভিযোগ, সোমবার দৃষ্টি প্রতিবন্ধী শিশুটি আত্মীয় নুরজাহান বেগমের সঙ্গে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট গ্রামে যায়। ওইদিন বিকেলে সবুজ মিয়া শিশুটিকে বাড়ি থেকে কৌশলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনাটি গোপন রাখা হয়। পরদিন মঙ্গলবার রাতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে অসহায় দিনমজুর বাবা-মা শিশুটিকে মঙ্গলবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে নির্যাতিতা শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে। হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার শিশুটির পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি চলছে।
ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মমিরুল হক জানান, আসামিকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, এ ঘটনায় শিশুটির বাবা মঙ্গলবার বিকেলে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ফুলছড়ি থানায় একটি মামলা করেন। পরে রাতে সদর গাইবান্ধা থানা পুলিশের সহায়তায় ফুলছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে পুরাতন বাজার এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/এসসিএস
