গত সপ্তাহে ২৪-এ পা রেখেছেন, আর এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা। বলা যায়, জাহ্নবি কাপুরের সময়টা বেশ ভালোই যাচ্ছে। তার নতুন সিনেমা ‘রুহি’র প্রচারণা কাজে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে গত কয়েকটি দিন। নিজের অভিনীত নতুন সিনেমার মুক্তি বলে কথা। সবাইকে ছবিটি দেখতে উত্সাহী করে তুলতে যা কিছু করা প্রয়োজন—জাহ্নবি তাই করার চেষ্টা করেছেন। কারণ করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় একবছর সিনেমা হল বন্ধ থাকার পর হলে আবার আগের মতো পরিপূর্ণ দর্শক নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। গত বছর সিনেমা হল বন্ধ থাকার সময় জাহ্নবি অভিনীত একটি বহুল আলোচিত ও প্রতীক্ষিত ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিন গার্ল’ মুক্তি পেয়েছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ছবিটি নিয়ে জাহ্নবির যতটা উচ্চাশা ছিল ঠিক ততটা পূরণ হয়নি। ভারত-পাকিস্তান কারগিল সীমান্ত যুদ্ধে দুঃসাহসী এক তরুণী বৈমানিকের অসাধারণ বীরত্ব প্রদর্শনের বাস্তব গল্প নিয়ে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয়ের সুযোগ লাভ তার জন্য একটি বড় প্রাপ্তি ছিল। জাহ্নবি মণপ্র্রাণ ঢেলে কাজও করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে ছবিটি মুক্তি পাওয়ায় তেমন সাড়া মেলেনি। সেই অপ্রাপ্তির হতাশা বুকে চেপে রেখে নতুন কিছু অর্জনের আশায় অপেক্ষায় ছিলেন শ্রীদেবী কন্যা। মা ছিলেন বলিউড তথা ভারতীয় সিনেমার একজন জনপ্রিয় কিংবদন্তী তারকা অভিনেত্রী। যার সিনেমা দেখার জন্য দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়তো। বিখ্যাত খান্দান থেকে আসা জাহ্নবি কাপুর স্বাভাবিকভাবেই সবার আলাদা মনোযোগ আকর্ষণ করবেন। ২০১৮ সালে নায়িকা হিসেবে তার অভিষেক রোমান্টিক ড্রামা ধাঁচের সিনেমা ‘ধাড়াক’র মাধ্যমে। প্রথম অভিনীত ছবিতেই নিজেকে সম্ভাবনাময়ী হিসেবে প্রমাণ করতে পেরেছেন শ্রীদেবী তনয়া। যদিও সাফল্য অর্জনের ক্ষেত্রে এখনও প্রয়াত মায়ের ধারে-কাছে পৌঁছাতে পারেননি এই তরুণী। বলিউডের তারকা পরিবার থেকে আসা ছেলেমেয়েরা বিশেষ সুবিধা পেয়ে থাকে—তেমনি অভিযোগ তুলে একটি মহল সোচ্চার হলেও স্বজনপোষণ অর্থাত্ পেপোটিজমের কবল থেকে মুক্তি হয়নি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। তেমন প্রেক্ষাপটে বলিউডের বিখ্যাত একটি তারকা পরিবার থেকে আসা জাহ্নবি কাপুর নিজের যোগ্যতা উপস্থাপনের সুযোগ খুঁজতে থাকেন। ‘ধাড়াক’-এ চমত্কার অভিনয়ে দর্শকদের মুগ্ধ করার পর তাকে গত বছর ‘ঘোস্ট স্টোরিজ’, ‘আংরেজি মিডিয়াম’ এবং ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিন গার্ল’ ছবিগুলোতে দেখা গেছে। আর এ সপ্তাহে আসছে জাহ্নবির নতুন ছবি ‘রুহি’। হরর কমেডি ধাঁচের এ ছবিতে নাম ভূমিকায় ভূতগ্রস্ত এক তরুণীর চরিত্রে দেখা যাবে। মূলত তাকে ঘিরেই ‘রুহি’ ছবিটি আবর্তিত হয়েছে। ইতিমধ্যে ছবিটির ট্রেলার টিজার দেখে দর্শক জাহ্নবির পারফর্মেন্সে আকৃষ্ট হয়েছে। একই ধাঁচের গল্প নিয়ে নির্মিত কয়েক বছর আগে ‘স্ত্রী’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া তুলেছিল। সেখানে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। একই ধরনের আরেকটি চরিত্রে দর্শকদের সামনে আসা প্রসঙ্গে জাহ্নবি কৌশলী মন্তব্য করেন— ‘স্ত্রী’ এবং ‘রুহি’ দুটি আলাদা সিনেমা। শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’ আর জাহ্নবি কাপুরের ‘রুহি’-তে তো ভিন্নতা থাকবেই। আমি আমার মতো করে রূপায়নের সর্বাত্মক চেষ্টা করেছি রুহি চরিত্রটি। দর্শক নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন। ওদিকে আরেকটি সাড়া জাগানো সিনেমা ‘দোস্তানা’র সিক্যুয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জাহ্নবি। আগের ছবিতে নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে দেশি গার্ল সেজে রীতিমতো ক্রেজ সৃষ্টি করেছিলেন তিনি। এবার ‘দোস্তানা টু’তে জাহ্নবি কেমন সাড়া জাগাবেন অনেকেই প্রশ্ন করছেন। যার প্রেক্ষিতে তিনি বলেন, ‘আগের ছবির গল্প এবং পাত্রপাত্রীদের সঙ্গে এবারেরটির কোনো মিল নেই। এখানে আমি অন্য একটি চরিত্রে অভিনয় করছি। অতএব, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার তুলনা আসছে কীভাবে?’
জাহ্নবি কাপুর এছাড়াও আনন্দ এল রায় প্রযোজিত ‘গুড লাক জেরি’ ছবির শুটিং করছেন গত জানুয়ারি থেকে। আগামি জুন থেকে শুটিং শুরু হবে তার নতুন একটি থ্রিলার সিনেমার, যা একটি মালায়লাম সুপারহিট সিনেমার রিমেক। করন জোহরের বহু তারকা খচিত ঐতিহসাকি ঘরানার ছবি ‘তখত’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও তাকে দেখা যাবে। সব মিলিয়ে বর্তমানে জাহ্নবির ক্যারিয়ারে নতুন মোড় সৃষ্টি হয়েছে বলেই মনে হচ্ছে।
