করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষার্থে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং আর্চেলিক তুরস্ক যৌথ উদ্যোগে দেশের তিনটি হাসপাতালে মেডিক্যাল ভেন্টিলেটর প্রদান করেছে। ‘সিঙ্গার ফর সোসাইটি’ প্রোগ্রামের আওতায় ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা এবং বগুড়ার টিএমএসএস রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এই ভেন্টিলেটরগুলো দেওয়া হয়। আর্চেলিক ইউরোপের শীর্ষস্থানীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার।
ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের এই প্রতিকূল সময় সত্তেও, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সিঙ্গার ও আর্চেলিক বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও একই কাজ করে যাবে।’
