ধর্ম চর্চা অনৈতিক কাজ থেকে মানুষকে বিরত রাখে : মেয়র নাছির

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১১

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ  জ ম নাছির উদ্দীন বলেছেন, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার জায়গা নেই। সকল ধর্মে মানব কল্যাণ ও নীতি-নৈতিকতার কথা বলা হয়েছে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। নিয়মিত ধর্ম চর্চা  মানুষকে অনৈতিক কাজ থেকে বিরত রাখে। গতকাল শুক্রবার সকালে নগরীর জেএমসেন হলে যোগাচার্য পরমহংস শ্রী শ্রীমত্ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১০তম শুভ আবির্ভাব উত্সব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মহাশোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমত্ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। ট্রাকে করে বাদ্য-বাজনার তালে তালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অন্য অতিথি ও  হাজার হাজার ভক্তবৃন্দ পায়ে হেঁটে মহাশোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি জেএমসেন হল থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় জেএমসেন হলের অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর উত্সব উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি দানবীর অদুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, অজিত কুমার শীল, মুক্তিযোদ্ধা রঞ্জিত মল্লিক, ইঞ্জিনিয়ার অমল কান্তি চৌধুরী প্রমুখ।