গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে (১৫) ধর্ষণ করেছে দুই বখাটে। বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরারবাড়ি গ্রামের মৃত পরিক্ষিত মল্লিকের ছেলে পরিমল মল্লিক (২২) ও গুরুদাস মল্লিকের ছেলে কালু মল্লিক (১৯) এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ওই কিশোরী ও তার পরিবার।
কিশোরীর বাবা জানান, ঘটনার দিন রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে পরিমল ও কালু আমার মেয়ের মুখ বেঁধে টেনেহিঁচড়ে পুকুরপাড়ের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। সেখান থেকে কৌশলে সে তার বড় মেয়েকে ফোন দিয়ে ঘটনার কথা জানাতেই ওরা ফোন কেড়ে নেয় ও মারপিট করে। এতে সে অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
কিশোরী জানায়, বেশ কিছু দিন আগে থেকে পরিমল মল্লিক তার পরিচয় গোপন করে ফোনে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সে সাড়া দেয়নি। পরে পরিমলের পরিচয় পাওয়ার পর তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতে পরিমল ও তার সহযোগী কালু তাকে ধর্ষণ করে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। আলামত সংগ্রহ করে তাকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। শারীরিক পরীক্ষা শেষেই বলা যাবে সে ধর্ষিত হয়েছে কি না।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক বলেন, বিষয়টি এখনও আমি জানি না। কেউ অভিযোগ নিয়ে আসলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
