সিরাজদিখানে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৩

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২২:১২

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সিরাজদিখানে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। টেঁটাবিদ্ধ গুরুতর আহত শেখ লিটনকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সিরাজদিখান উপজেলার চালতিপাড়া গ্রামের মৃত শেখ লাল চানের ছেলে। আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার চালতিপাড়া গ্রামে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০টি টেঁটা ও ৩টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, শিকারপুর গ্রামে মাদক ব্যবসায়ী মিলনকে মাদক ব্যবসায় বাধা দেয় একই গ্রামের ইমরান। এতে ক্ষুব্ধ হয়ে মিলনের পক্ষে  চালতিপাড়া গ্রামের মৃত শেখ মোনতাজের ছেলে মাদক ব্যবসার হোতা সেলিম তার লোকজন নিয়ে ইমরানকে মারধর করে। এরপর শনিবার রাতে নেশা করে সেলিম তার গ্রুপ নিয়ে শিকারপুর গ্রামে গেলে এলাকাবাসী সেলিমকে মারধর করে। সে এখন হাসপাতালে চিকিত্সাধীন। পরে আবার সেলিমের লোকজন সংঘবদ্ধ হয়ে বৃহস্পতিবার চালতিপাড়া গ্রামে লিটন ও শামিমের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় দুই পায়ে টেঁটাবিদ্ধ হয় লিটন। তাকে ঢাকা নেওয়া হয়েছে।