রংপুরে কাফনের কাপড় জড়িয়ে মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:০৯

কলেজ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে ও মাইগ্রেশনের দাবিতে এবার গায়ে কাফনের কাপড় জড়িয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন রংপুর নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত মেডিক্যাল মোড়ে রংপুর-দিনাজপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

নেপাল থেকে আসা ৪০ শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের শেখার জন্য কোনো হাসপাতালে নেই, শিক্ষক নেই, বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদন নেই। এরপরও প্রায় ৩০০ শিক্ষার্থী কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করছেন। কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়ার পরও কোনো অনুমোদন আনতে পারেনি। ধার করা শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করা হচ্ছে।

গতকাল পর্যন্ত টানা ৩৩ দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো, রাজধানীতে গিয়ে মানববন্ধন ও রংপুর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। প্রায় সোয়া ২ ঘণ্টা পর আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয়পাশে প্রায় ২-৩ কিলোমিটার জুড়ে বিভিন্ন যান আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।