জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ সম্পর্কে মন্তব্য করে বলেছেন, এই ভাষণের মধ্য দিয়ে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে এবং জাতি আগামী দিনের পথ চলার দিক-নির্দেশনা পেয়েছে। প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আখ্যায়িত করে নেতৃদ্বয় বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া কোনো জাতি তার কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারে না এবং বিভক্ত জাতি নিয়ে দেশকে সাফল্যের স্বর্ণচূড়ায় পৌঁছানো যায় না। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে পেরেছিলেন বলেই জাতি গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব মহান লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছিল।
তারা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে আরো বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের উল্লেখ করলে বিষয়টিতে আরো গতির সঞ্চারিত হতো।
জাতীয় পার্টি-জেপি আশা করে জাতির সকল প্রতিকূলতা মোকাবিলা করে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং পশ্চাত্পদ চিন্তার বিরুদ্ধে জয়ী হবে। —প্রেস বিজ্ঞপ্তি
