কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় খুঁটিতে মোঃ ডিলু মিয়া (২১) নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে মিরপুর পুলিশ স্টেশনের কাছে লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে লাইন মেরামতের কাজ করার সময় লাইনম্যান ডিলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন এবং কোমরে বেল্ট বাধা অবস্থায় তিনি বৈদ্যুতিক সঞ্চালন খুঁটির উপরে ঝুলছিলেন।
স্থানীয়রা এ বেগতিক অবস্থা দেখে মিরপুর থানার পুলিশ ও ফায়ার ষ্টেশনে খবর দেয়। ঘটনার পর পরই মিরপুর ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সঞ্চালন লাইনের খুঁটির উপরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট ঝুলন্ত লাইনম্যান ডিলু মিয়াকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডিলু মিয়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুতের আওতাধীন মিরপুর বিদ্যুৎ সমিতির লাইনম্যান পদে কর্মরত ছিলেন।
মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ এনামুল হক জানান, বিদ্যুতের খুঁটির উপরে উঠে লাইনম্যান ডিলু ট্রান্সফরমারের একটি সঞ্চালন লাইন বন্ধ করেন। কিন্তু ট্রান্সফরমারের অপর সঞ্চালন লাইনটি তিনি বন্ধ না করে কাজ করছিলেন। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অসাবধানতাবশত: দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মিরপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এসআই
