বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সোয়া ৯ টার দিকে শহরের সাতমাথা এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান ছুরিকাহত হয়েছেন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে শহর থেকে ধুনট উপজেলা ছাত্রলীগের সমাবেশে যাওয়ার পথে মোটর সাইকেল ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় জেলা কমিটির সদস্য জাহিদ হাসানের। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মিটে গেলেও রাতে ধুনট থেকে ফেরার পথে আবার দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। রাত সোয়া ৯ টার দিকে শহরের সাতমাথা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান তিতাস জানান, ঘটনাটি দলীয় কোন বিষয় নয়, ব্যক্তিগত বিষয় নিয়ে এই ঘটনা। আহত ৫ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
